আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ আসনে (মহেশখালী-কুতুবদিয়া) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদের সমর্থনে গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউসুফ নূর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। সভার সভাপতিত্ব করেন ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ সোহেল।
প্রধান অতিথি জাকের হোসেন তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ একজন সৎ, যোগ্য ও জনপ্রিয় প্রার্থী। উন্নয়ন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি অতীতে যেমন ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও ইনশাআল্লাহ তেমন ভূমিকা রাখবেন। আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, “কক্সবাজার-২ আসনে দীর্ঘদিন ধরে মানুষ অবহেলিত। জনতার প্রত্যাশা পূরণ করতে হলে সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই। ড. আযাদই সেই নেতৃত্ব দিতে পারবেন। আমরা প্রত্যেকটি গ্রামে, প্রতিটি ভোট কেন্দ্রে গিয়ে জনগণকে তার উন্নয়ন ও সততার বার্তা পৌঁছে দেবো।”
সভাপতি মোহাম্মদ সোহেল তার বক্তব্যে বলেন, “মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো নির্বাচনের আগেই ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা এবং সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হওয়া। আগামী নির্বাচন হবে জনগণের ভোটের লড়াই। তাই প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল হয়ে মাঠে থাকতে হবে।”
এ সময় স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী, ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য, তরুণ ও প্রবীণ ভোটাররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দক্ষিণ নলবিলা, ছোট মহেশখালী ইউনিয়ন শাখা।