নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহেশখালী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ আগস্ট (শুক্রবার) বিকেলে মহেশখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী।
[caption id="attachment_741" align="alignnone" width="300"]
নেতাকর্মীদের ভীড় জমেছে কার্যলয়ে[/caption]
সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের মানুষের স্বাধীনতা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠা করেছেন। সেই চেতনা আজও আমাদের আন্দোলনের মূল প্রেরণা। বর্তমান সময়ে দেশে গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এ অবস্থায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে আমাদের ঐক্যের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে। মহেশখালীর প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচি সফল করতে সকল নেতা-কর্মীকে প্রস্তুত থাকতে হবে।”
সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী বলেন—
“আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে মহেশখালী উপজেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আমরা একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করব। আগামী ৩ সেপ্টেম্বর মহেশখালী প্রমাণ করবে— বিএনপির প্রতি এখানকার মানুষের অকৃত্রিম ভালোবাসা রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে আরও বেগবান করব। নেতা-কর্মীরা যেন ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকে, সে আহ্বান জানাই।”
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আনোয়ার পাশা, ৮ ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকবৃন্দ, উপজেলা ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতারা।
বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের মানুষের অধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের নয়, এটি আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলনের নতুন শপথ নেওয়ার দিনও বটে।