প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ

মহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হোয়ানক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীনের উদ্যোগে “বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পে বিশেষ আকর্ষণ হিসেবে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের জন্য বিনামূল্যে নাক–কান ছেদন কর্মসূচি গ্রহণ করা হয়, যা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
১৬ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এ চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম, কক্সবাজার ও মহেশখালীর বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের মোট ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন। মেডিসিন, শিশু, চর্ম, দাঁত, গাইনি, নাক–কান–গলা, চক্ষু ও সাধারণ চিকিৎসা বিভাগে রোগীদের সেবা প্রদান করা হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজারের অধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
বিশেষ করে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার দিক বিবেচনা করে আয়োজিত ফ্রি নাক–কান ছেদন কর্মসূচি ছিল ক্যাম্পের অন্যতম আকর্ষণ। বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় আড়াই হাজার ছাত্রী এই সেবার আওতায় আসেন। অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে স্বাস্থ্যসম্মত পরিবেশে এ কার্যক্রম সম্পন্ন করা হয়।
মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন,মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে চিকিৎসা সেবা অন্যতম। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে আমাদের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। সেই মানবিক চিন্তা থেকেই এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফ্রি ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করেছি। বিশেষ করে স্কুল ও মাদ্রাসার ছাত্রীদের জন্য নাক–কান ছেদনের মতো একটি স্বাস্থ্যসম্মত উদ্যোগ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
তিনি আরও বলেন,ভবিষ্যতেও মহেশখালীর সাধারণ মানুষের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। এ মহৎ উদ্যোগে যাঁরা স্বেচ্ছাশ্রম ও আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন।বিশেষ করে সম্মানিত চিকিৎসকবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
ক্যাম্পটি লদ্দিনোঅরো ফাউন্ডেশন হোয়ানক এবং হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড–এর ব্যবস্থাপনায় আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হোয়ানক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সেলিম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম সিকদার, হোয়ানক ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ কলি সিকদার, জাতীয়তাবাদী কৃষকদল মহেশখালী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জাহিদুল হাসান মানিক, আবু হানিফ, আবু হেলাল, আরিফ সিকদার, হোয়ানক সিভিল ইয়ুথ কো-অপারেটিভ সোসাইটি লি. সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা মেহেদী হাসান পাবেল, মেডিকেল ক্যাম্পের আহ্বায়ক নোমান উদ্দিন ইলাহী, উপদেষ্টা কর আইনজীবী নুরুল আবচার, উপদেষ্টা বোরহান উদ্দিন, সদস্য মইন উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকায় এমন বড় পরিসরে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর জন্য এটি ছিল এক বড় স্বস্তির সুযোগ। অনেকেই দীর্ঘদিনের রোগ নিয়ে চিকিৎসকের পরামর্শ পেয়েছেন এবং প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করেছেন।