নাছির উদ্দিন সোহেল
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শাপলাপুর (পুসাস)-এর উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
রোববার (৩১ মে) শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ১৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
পুসাসের সাধারণ সম্পাদক মুহাম্মদ হাবিব উল্লাহর সঞ্চালনায় এবং সভাপতি মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকানিয়ার আল হেলাল ডিগ্রি কলেজের অধ্যাপক শাহ আলম এবং চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী আক্কাস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।
অধ্যাপক শাহ আলম বলেন, গ্রামীণ জনপদ থেকে উঠে আসা শিক্ষার্থীদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা। এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং উচ্চশিক্ষার প্রতি আগ্রহ জাগায়।
সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম বলেন, বর্তমান শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। দেশের উন্নয়ন ও জাতির অগ্রগতিতে শিক্ষিত তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ আলমগীর বলেন, পুসাস প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শাপলাপুরের মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা, সচেতনতা ও মানবিক উন্নয়নে সংগঠনটি কাজ করে যাবে।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, অ্যালামনাই সদস্য, বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।