
এম আব্দুল মান্নান
মানবতার সেবায় মহেশখালীতে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড ক্যাম্পিং। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর দুপুর ২টায় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব বড় ডেইল তালিমুল ইসলাম নূরানী মাদ্রাসা, হেফখানা ও এতিমখানায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
ব্লাড বক্স অব বাংলাদেশের উদ্যোগে ও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আয়োজিত এ ব্লাড ক্যাম্পিং-এর সার্বিক সহযোগিতা করেন সংগঠনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল হাসান দিহান।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শরীফ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শরীফ, প্রচার সম্পাদক আশেক উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল হাসান দিহান ও সহ কার্যকরী সদস্য মোহাম্মদ হোছাইন। এছাড়া অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক বিশেষভাবে উপস্থিত ছিলেন।
ক্যাম্পিং চলাকালে বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষকে রক্ত সরবরাহের মাধ্যমে জীবন রক্ষা করা যায়। বিশেষ করে গর্ভবতী মা, শিশু ও দুর্ঘটনায় আহত রোগীদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শরীফ বলেন, “গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই দুইজন রক্তদাতা প্রস্তুত রাখা আমাদের দায়িত্ব। মানবতার সেবায় আমরা সবসময় প্রস্তুত।”
তিনি আরও জানান, ব্লাড বক্স অব বাংলাদেশ নিয়মিত রক্তদান কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি মানবসেবামূলক নানা উদ্যোগ হাতে নিয়েছে।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজমুল হাসান দিহান বলেন, “একজন রক্তদাতার একটি ব্যাগ রক্ত অনেক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই আমরা সবাইকে রক্তদানে উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
স্থানীয় জনসাধারণ এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান। তাদের মতে, দ্বীপাঞ্চল মহেশখালীতে যেখানে চিকিৎসা সুবিধা সবসময় সহজলভ্য নয়, সেখানে এ ধরনের ব্লাড ক্যাম্পিং নিঃসন্দেহে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


