
মহেশখালী প্রতিনিধি
“সবার মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) মহেশখালী উপজেলা হলরুমে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজারের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, মহেশখালীর বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের বিতর্কের বিষয় ছিল “দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকাই মুখ্য” এবং দ্বিতীয় রাউন্ডের বিষয় ছিল “স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশনই (দুদক) সুশাসনের মূল ভিত্তি”। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিষয়গুলোর পক্ষে ও বিপক্ষে যুক্তি, তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করে তাদের মেধা ও বাগ্মিতার পরিচয় দেন।
প্রতিযোগিতা শেষে বিচারকদের রায়ে মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন দিঘী পাল (দলনেতা), শ্রেয়া পাল অমি (প্রথম বক্তা) এবং রুবাইয়াত জি হোসেন আহির (দ্বিতীয় বক্তা)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান-মাহমুদ-ডালিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফর মজুমদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আশীষ চক্রবর্তী।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা, জবাবদিহিতা ও দেশপ্রেমের চেতনা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।