
শেখ আব্দুল্লাহ
সেবা পেতে আর দালালের পেছনে ঘুরতে হবে না—জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে মহেশখালীতে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে সাপ্তাহিক গণশুনানি। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক গণশুনানি।
উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আসা নানা বয়সী নারী-পুরুষ অংশ নেন এ শুনানিতে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি-সংক্রান্ত জটিলতা, ভিজিএফ ও ভিজিডি কার্ড বণ্টন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিদ্যুৎ সংযোগ, রাস্তা-ঘাট মেরামত, চিকিৎসা ব্যয়, অনুদানসহ নানা সমস্যার কথা তুলে ধরেন তারা।
ইউএনও মনোযোগ দিয়ে একে একে জনগণের অভাব-অভিযোগ শোনেন এবং অধিকাংশ ক্ষেত্রেই তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন। যেসব সমস্যা মাঠপর্যায়ে সমাধান সম্ভব নয় সেগুলো সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
গণশুনানি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্লাহ বলেন—”সরকারি সেবা জনগণের মৌলিক অধিকার। সেবা পেতে যাতে কাউকে অযথা হয়রানি বা দুর্ভোগ পোহাতে না হয়, সেজন্যই এ গণশুনানি। আমরা চাই প্রতিটি মানুষ দ্রুততম সময়ে তার প্রাপ্য সেবা পাক।”
এ সময় গণশুনানিতে উপস্থিত সাধারণ মানুষ ইউএনওর উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার দাবি জানান। তাদের মতে, সরাসরি কর্মকর্তার কাছে সমস্যা তুলে ধরতে পারা একদিকে স্বচ্ছতা নিশ্চিত করছে, অন্যদিকে জনগণের আস্থাও বাড়াচ্ছে।
প্রতিটি গণশুনানিতে লিখিতভাবে অভাব-অভিযোগ সংরক্ষণ করা হয়। পরে সেগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয় এবং অগ্রগতি তদারকি করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সাপ্তাহিক গণশুনানি মহেশখালীর মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমিয়ে আনছে। একই সঙ্গে এটি নাগরিকবান্ধব প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।


