শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
Headline :
মহেশখালী উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি ফারুক ইকবাল, সম্পাদক আজিজ সিকদার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ৪ জুন-উৎসবমুখর পরিবেশে প্রস্তুতি সম্পন্ন পুসাহ’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন; সভাপতি আশেক, সম্পাদক আরিফ মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ হিংসার দেয়ালে গণতন্ত্রের পোস্টার-অন্ধকারের অপচেষ্টা, আলোর পথে নির্বাচনী যাত্রা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মহেশখালীর দুই যুবক নিহত পুসাস শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত সাগরের অতল নীলিমায় নিভে গেল রশিদ মাঝির প্রাণপ্রদীপ জমি দখল ও চাঁদা দাবিতে যুবলীগ নেতা সালামত সিকদার সহ ৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে জমে উঠেছে দ্বীপের একমাত্র টোলমুক্ত বিশাল পশুর হাট

মহেশখালীর মাটিতে ক্যাম্পাসের ডাক: চবির প্রাক্তনদের আবেগঘন সমাবেশ

 

এম আজিজ সিকদার 

উৎসবমুখর পরিবেশ, প্রাণের উচ্ছ্বাস এবং নস্টালজিক আবহে মহেশখালীতে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই মিলনমেলা-২০২৬। মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এ মিলনমেলায় মহেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

শনিবার সকাল ৯টায় বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, স্মৃতি ও গৌরবকে ধারণ করে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন প্রতীকী উপস্থাপনা নিয়ে মহেশখালী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালি শেষে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ নুরুল হুদা, গীতা পাঠ করেন মিহির রঞ্জন দত্ত এবং ত্রিপিটক পাঠ করেন অধ্যাপক সুমেত শ্রমণ।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহিবউল্যাহ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. বদিউল আলম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এলামনাই মিলনমেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আওলাদ হোসেন সাগর। তিনি মিলনমেলার উদ্দেশ্য, তাৎপর্য এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

পরে অতিথিদের উপস্থিতিতে ‘স্মৃতি-সংযোগ’ শীর্ষক একটি মেম্বার ডিরেক্টরির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় ডিরেক্টরির সম্পাদক মো. ফরিদুল আলম প্রকাশনায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে “মহেশখালীর উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ” শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সরওয়ার কামাল। তিনি মহেশখালীর ভূ-রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্ভাবনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।

এলামনাই মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে মহেশখালীর মাটিতে পুনর্নির্মাণের উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের আইকনিক শাটল ট্রেন, চবি তোরণ ও রেলস্টেশনের প্রতিরূপ এবং আলোকচিত্র দিয়ে পুরো ভেন্যু সাজানো হয়। ফলে অংশগ্রহণকারীরা স্মৃতিময় ক্যাম্পাস জীবনে ফিরে যাওয়ার অনুভূতি লাভ করেন।

আলোচনা পর্বে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের ছাত্রজীবনের স্মৃতি, অভিজ্ঞতা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরেন। বক্তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি ও নেতৃত্ব বিকাশে অবদানের কথা উল্লেখ করেন এবং মহেশখালীর উন্নয়নে এলামনাই নেটওয়ার্কের সম্ভাব্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ মহেশখালীর উন্নয়ন, স্থানীয় মানুষের স্বার্থ সংরক্ষণ, লবণের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, প্যারাবন রক্ষা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের বিষয় তুলে ধরেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই, মহেশখালীকে একটি অরাজনৈতিক ও আলোকিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে এলামনাই কার্যক্রমকে স্থায়ী রূপ দিতে একটি কমিটি গঠনের প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সমর্থন জানান।

তিনি বলেন, “মহেশখালীর ভাবমূর্তি আজ বদলে গেছে। উন্নয়ন সম্ভাবনার কারণে সারাদেশে মহেশখালীকে এখন সম্মানের সঙ্গে দেখা হচ্ছে।” তিনি প্রয়াত এলামনাই সদস্যদের স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আয়োজকদের তথ্যমতে, ১৯৭১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সেশনের প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় ৬০০ জন এলামনাই এ মিলনমেলায় উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কক্সবাজারের জনপ্রিয় সংগীতদল অঁলা ব্যান্ড, আলভী, সাদাকালো ব্যান্ড, চাটগাঁইয়া গান ও কাওয়ালি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীরা মনে করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই, মহেশখালী শুধু একটি সংগঠন নয়; এটি একটি আবেগ, একটি ঐতিহ্য এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান বন্ধনের নাম। এবারের মিলনমেলা সেই বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতির নতুন দিগন্ত উন্মোচন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page