মহেশখালী প্রতিনিধি ◾
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে কক্সবাজার শহরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর পরিবেশে শুরু হয়।
এই বর্ণাঢ্য র্যালীতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতা উল্লাহ বোখারীর নেতৃত্বে মহেশখালী উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে যোগ দেন। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো র্যালি প্রাঙ্গণ।
র্যালীতে মহেশখালী উপজেলা বিএনপি ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার রক্ষা ও জাতীয় স্বার্থ রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী শুধু আনন্দের নয়, সংগ্রামেরও দিন।
নেতাকর্মীরা আরও জানান, অবৈধ সরকারের দমন-পীড়ন, গুম-খুন, মিথ্যা মামলা ও গ্রেফতারের মধ্য দিয়েও বিএনপির আন্দোলন থেমে ছিলনা। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সবসময় ঐক্যবদ্ধ।
এ সময় আতা উল্লাহ বোখারী বলেন, “বিএনপি এই দেশের মানুষের প্রাণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এ দলের যাত্রা শুরু হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া ও শহীদ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সর্বদা গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছে। বর্তমানেও সেই সংগ্রাম অব্যাহত রয়েছে।”
র্যালিতে অংশগ্রহণকারী মহেশখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংগঠনের ঐক্য ও শক্তি প্রদর্শন করেন। দিনের পুরো সময় কক্সবাজার শহর ছিল বিএনপির শ্লোগান ও পদচারণায় মুখরিত।