
শেখ আব্দুল্লাহ::
মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকায় স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত পরশু মন্ত্রণালয় থেকে এ অনুমোদন প্রদান করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যাহ্ জানান, শিগগিরই পুলিশ ফাঁড়ির কাজ শুরু হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই পাহাড়ি এলাকা ঘেঁষা কালারমারছড়া ইউনিয়নে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। বিশেষ করে চুরি, ডাকাতি ও মাদককারবার প্রতিরোধে এ ফাঁড়ি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান, প্রশাসনের এই সিদ্ধান্তে তারা স্বস্তি পেয়েছেন। এলাকাবাসী আশা করছেন, দ্রুত জনবল নিয়োগ ও অবকাঠামো নির্মাণ শেষ করে পুলিশ ফাঁড়িটি চালু করা হবে।


