
মহেশখালী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মহেশখালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল থেকে উপজেলা বিএনপির কার্যালয়ে পবিত্র কুরআন খতম করা হয়। পরে বিকেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু সরওয়ার রানা, সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি সাহাব উদ্দিন, ছাত্রনেতা খোরশেদ মিজানুর রহমান, আব্দুল করিম সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
বক্তারা বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। সামরিক শাসনের বিরুদ্ধে গণআন্দোলন, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তিনি আজও গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক হয়ে আছেন।

বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশনেত্রীর অভিজ্ঞ নেতৃত্ব বাংলাদেশের জন্য অতীব প্রয়োজন। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার সাহসিকতা আমাদের অনুপ্রেরণা যোগায়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি দেশের শান্তি, উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।


