
মহেশখালী প্রতিনিধি
মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শহীদ শফিউল আলম শফি হত্যা মামলার অন্যতম আসামি আ স ম জাহেদুল হক নাহিদসহ পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শুনানি শেষে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর আজ (সোমবার) আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। এ সময় রাষ্ট্রপক্ষ মামলার নথিপত্র উপস্থাপন করে জামিনের তীব্র বিরোধিতা করলে আদালত আবেদন নামঞ্জুর করেন।
প্রসঙ্গত, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট রাত ১০টার দিকে বানিয়ার দোকান এলাকায় হামলার শিকার হয়ে শহীদ শফিউল আলম শফি নিহত হন। পরদিন নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নাহিদসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য উঠে আসে।
বাদীপক্ষ জানায়, “দীর্ঘদিন পর আসামিরা আইনের হাতে আসায় আমরা আশাবাদী। আদালতের এ নির্দেশ ন্যায়বিচারের পথে বড় অগ্রগতি। আমরা দ্রুত বিচার আশা করি।”
আইনজীবী বলেন, “প্রাথমিক তদন্তেই আসামিদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই আদালত জামিন না দিয়ে সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন।”
পুলিশ সূত্র জানায়, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তার ও হাজিরা মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ধাপ।


