
মিজবাহ উদ্দীন আরজু
১০ জানুয়ারি ২৬ খ্রি. (শনিবার) রাতে মহেশখালী পৌরসভাস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদ্রাসা)-তে শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মহেশখালী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান-মাহমুদ-ডালিম এর পক্ষ থেকে এসব কম্বল বিতরণ করেন- মহেশখালী পৌরসভার স্টাফ মাওলানা এরফান উল্লাহ।
শীত মৌসুমে এতিম ও অসহায় শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান-মাহমুদ-ডালিম এক বার্তায় বলেন, “এতিম শিক্ষার্থীরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের মৌলিক চাহিদা পূরণে সরকার ও প্রশাসন সর্বদা আন্তরিক। শীতের এই সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এ সময় উপস্থিত ছিলেন- জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার পরিচালক মাওলানা আবদুল মুনায়েম, জামিয়ার নির্বাহী পরিচালক মাওলানা শামসুল আলম (জদীদ) এবং জামিয়ার শায়খুল হাদীস মাওলানা হাফেজ আবদুল গফুরসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উপস্থিত আলেমগণ ও মাদ্রাসা কর্তৃপক্ষ এ মহৎ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা এতিম শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করে এবং পড়াশোনায় আরও উৎসাহ জোগায়।


