বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের একটি সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে গেলে মহেশখালী থানা পুলিশ তাকে আটক করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলার প্রেক্ষিতে বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু হায়দার ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সরেজমিন পরিদর্শনে বের হন। এসময় হঠাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম নেয়।
রাজনৈতিক সূত্র জানায়, আবু হায়দার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
চেয়ারম্যানের হঠাৎ গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, বিষয়টি রাজনৈতিক কারণে হতে পারে। তবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে এখনো গ্রেফতারের বিস্তারিত কারণ জানানো হয়নি।