
গোরকঘাটা চরপাড়া মাঠ দখলের অভিযোগে তীব্র ক্ষোভ — দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি এলাকাবাসীর
মহেশখালীর গোরকঘাটা চরপাড়া এলাকার একমাত্র খেলার মাঠ দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দখলকারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে গোরকঘাটা চরপাড়া স্কুল সংলগ্ন সিসিডিবি সেন্টারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক সংগঠনের নেতা, খেলোয়াড় ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরপাড়ার এই মাঠ দীর্ঘদিন ধরে স্থানীয় তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডের একমাত্র উন্মুক্ত স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি এলাকার একটি প্রভাবশালী মহল মাঠের প্রায় ৩০ ফুট জায়গা বেআইনিভাবে দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।
বক্তারা বলেন, “আমরা ছোটবেলা থেকে এই মাঠে খেলেছি। এটি শুধু একটি মাঠ নয়, পুরো এলাকার প্রাণ। আজ সেটি দখল হয়ে যাচ্ছে, আমরা তা কোনোভাবেই মেনে নেব না।”
তারা মাঠটি সরকারি খেলার মাঠ হিসেবে ঘোষণার দাবি জানিয়ে বলেন, মাঠটি দখল হয়ে গেলে এলাকার শত শত শিশু ও কিশোর তাদের বিনোদনের জায়গা হারাবে, যা সামাজিক অবক্ষয়ের কারণ হতে পারে।
বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মো. খাইর হোসেন, সাবেক কাউন্সিলর খায়ের হোসেন, সমাজসেবক মাহমুদুল করিম, শিক্ষক মো. সানা উল্লাহ, সিরাজুল মোস্তফা, আবুল আসাদ, ছাত্রনেতা জাহেদ সহ সমাজকর্মী ও তরুণ প্রতিনিধি সহ অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “চরপাড়া মাঠের জায়গাটি সরকারি খাসজমি কি না তা যাচাই চলছে। দখলের প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাঠটি জনস্বার্থে উন্মুক্ত রাখার বিষয়ে প্রশাসন অঙ্গীকারবদ্ধ।”
এলাকাবাসী জানান, তারা মাঠটি রক্ষায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন।


