মহেশখালীর শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে পান বাজার বসানোর কারণে মাঠের পরিবেশ বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় মাঠ ব্যবহারের কোনো প্রশাসনিক বা শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি না থাকলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে নিয়মিত বাজার পরিচালনা করা হচ্ছে। মাঠজুড়ে ময়লা-আবর্জনা, যানজট ও মানুষের ভিড়ে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
অভিযোগ রয়েছে, বিএনপি নেতা মাস্টার সিরাজ ২৭ লাখ টাকায় মাঠটি ইজারা নিয়ে পরে যুবলীগ নেতা নেজাম, নিজাম, খোকন, সওয়ার এবং যুবদল নেতা জহির ও ফরহাদের কাছে ৪৫ লাখ টাকায় হস্তান্তর করেন। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ক্ষমতার প্রভাব ব্যবহার করে সম্পূর্ণ অবৈধভাবে বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশের জায়গা, সেখানে বাণিজ্যিক কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।