মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপে সরকারি খাস জমি ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) গড়ে ওঠা অবৈধ কটেজ-রিসোর্টের বিরুদ্ধে অবশেষে শুরু হয়েছে প্রশাসনের কঠোর উচ্ছেদ অভিযান। দীর্ঘদিন ধরে পরিবেশ বিধ্বংসী দখল ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে নানা অভিযোগের প্রেক্ষিতে শনিবার (০৯ মে ২০২৬) প্রথম ধাপে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন মহেশখালী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার। অভিযানের সময় সরকারি খাস জমি দখল করে নির্মিত আনুমানিক ২০ থেকে ২৫টি বড়, মাঝারি ও ছোট আকারের অবৈধ কটেজ, রিসোর্ট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রশাসন সূত্র জানায়, সোনাদিয়া দ্বীপ দেশের অন্যতম প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হওয়ায় এখানে যেকোনো অবৈধ স্থাপনা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের দখল, অবৈধ পর্যটন স্থাপনা নির্মাণ এবং সরকারি জমি বেদখলের কারণে দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে। এরই ধারাবাহিকতায় যৌথ বাহিনীর সমন্বয়ে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, মহেশখালী থানা পুলিশ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগ এবং পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের প্রতিনিধিরা অংশ নেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান চলাকালে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ, সরকারি খাস জমি পুনরুদ্ধার এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান শুধু সোনাদিয়াতেই নয়, মহেশখালীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।