আরিফুল ইসলাম টিপু
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হোয়ানক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক সেলিম উল্লাহ সিকদার। তাঁর ব্যক্তিগত অর্থায়নে হোয়ানক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণকালে অসহায়, গরিব, দিনমজুর ও কর্মহীন পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয়রা জানান, প্রতি বছরের ন্যায় এবারও মানবিক উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সেলিম উল্লাহ সিকদার। তাঁর এ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তারা আরও বলেন, সেলিম উল্লাহ সিকদার দীর্ঘদিন ধরে মানবিক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
প্যানেল চেয়ারম্যান সেলিম উল্লাহ সিকদার বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় এলাকার গরিব ও অসহায় মানুষের সহযোগিতায় কাজ করার চেষ্টা করি। আজ থেকে আমি আবারও প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিমাসে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
চাল পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। তারা সেলিম উল্লাহ সিকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
স্থানীয়দের মতে, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সেলিম উল্লাহ সিকদার ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর এ উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে বলে মনে করছেন সচেতন মহল।