মহেশখালী প্রতিনিধি:
মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার কুতুবজোম তাজিয়াকাটা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় মৎস্য কর্মকর্তা, পুলিশ ও কোস্ট গার্ডের কর্মকর্তারা।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ ধরনের অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে সামুদ্রিক ও মিঠাপানির মাছ ধরা হলে দেশের মাছের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ে।
জব্দকৃত জালগুলো ধ্বংস করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে এসব বিদেশি জাল ব্যবহার করে আসছিল। অভিযানের ফলে মাছের প্রজনন রক্ষা পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।