ওয়াজেদুল হক মণি
দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, যেখানে প্রকৃতি নিজ হাতে গড়েছে অপরূপ এক সৌন্দর্যের ভূবন। এখানকার নামকরা সম্পদগুলোর মধ্যে অন্যতম হলো “মহেশখালীর মিষ্টি পান”—স্বাদে-গন্ধে ও বৈশিষ্ট্যে যা দেশের বহু অঞ্চলের মানুষের মনে জায়গা করে নিয়েছে।
এই সুনামের পেছনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বহু বছর ধরে পান ব্যবসার সঙ্গে যুক্ত কিছু নিবেদিত মানুষ। তাদেরই একজন গোরকঘাটা বাজারের আবু তালেব মেম্বার।
গত ২০ বছরের বেশি সময় ধরে তিনি গড়ে তুলেছেন এক নির্ভরতার প্রতীক হয়ে ওঠা পানের দোকান। মহেশখালীর ব্যস্ততম নগরী গোরকঘাটা বাজারের চৌরাস্তার মোড়ে অবস্থিত এই আবু তালেব স্টোর।
তালেব মেম্বারের ছোট্ট দোকানটিতে শুধু পানই বিক্রি হয়, তবে সেই পানের জনপ্রিয়তা এতটাই বেশি যে, দোকানে লাইন পড়ে যায়। অনেকে সিরিয়াল দিয়ে অপেক্ষা করেন তার বিশেষভাবে প্রস্তুতকৃত ‘মিষ্টি পান’ কেনার জন্য।
পান বেচেই তিনি শুধু নিজের জীবিকাই চালাচ্ছেন না, গড়েছেন একটি সম্মানজনক পরিবারও। এক ছেলেকে দিয়েছেন সুপার শপ ব্যবসার দায়িত্ব, আরেক ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেছেন গ্র্যাজুয়েশন। ছোট ছেলেও বর্তমানে অনার্সে অধ্যয়নরত।
তবে আবু তালেব মেম্বার শুধু পানের জন্যই বিখ্যাত নন, তার মিষ্টি ভাষা, হাসিমুখ, ও ক্রেতাদের প্রতি আন্তরিকতাও সবাইকে মুগ্ধ করে। প্রতিদিন তার দোকানে শুধু পান নয়, যেন পাওয়া যায় একটু প্রশান্তি, একটু ভালোবাসা।
এই সময়ে এসে এমন পরিশ্রমী, সৎ ও মননশীল ব্যবসায়ী বিরল। তাই মহেশখালীর গর্ব শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়, গর্ব করার মতো মানুষও আছে এখানে—তাদেরই একজন আবু তালেব মেম্বার।